বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল স্পষ্ট জানিয়েছেন রিয়াল মাদ্রিদে খেলার কোনো সম্ভাবনা নেই। ১৭ বছর বয়সে বার্সার আক্রমণভাগের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা এই উইঙ্গার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “না, রিয়াল মাদ্রিদে খেলা অসম্ভব।” এই বক্তব্যে তিনি বার্সা ভক্তদের মন জয় করেছেন।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় ৫৫ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে জায়গা করে নিলেও দলীয়ভাবে এই প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারা তার একমাত্র আক্ষেপ। তিনি বলেন, “প্রতি মৌসুমে নিজেকে উন্নত করতে চাই। আগামী মৌসুমে আরও বেশি গোল ও অ্যাসিস্ট করতে চাই এবং শারীরিকভাবে আরও শক্তিশালী হব।”
লা মাসিয়ার প্রতিভা ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে অভিষেক করেন। দুই মৌসুমে ১০৬ ম্যাচে ২৫ গোল এবং ৩৪ অ্যাসিস্টের দুর্দান্ত রেকর্ড গড়েছেন। এল ক্লাসিকো, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদ পেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা এখনও তার অধরা।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে খেলোয়াড় স্থানান্তর প্রায় অলিখিত নিষেধাজ্ঞার মতো। ২০০০ সালে লুইস ফিগোর বার্সা থেকে রিয়ালে যাওয়ার ঘটনা তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। ফিগোর বিরুদ্ধে ক্যাম্প ন্যুতে শূকরের মাথা ছুড়ে মারার মতো ঘটনাও ঘটেছিল। ইয়ামালের এই ঘোষণা বার্সা ভক্তদের মধ্যে আনন্দের সঞ্চার করলেও রিয়ালের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

