২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ল এশিয়ার দুই দেশ—উজবেকিস্তান ও জর্ডান। এই প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে জায়গা করে নিল তারা।
বৃহস্পতিবার এশিয়ার বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান। এই ড্রয়ের ফলে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।
অন্যদিকে, ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে টানা ১১ বার ফুটবলের সর্বোচ্চ আসরে উঠল দেশটি। ২০০২ বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে পা রাখা দক্ষিণ কোরিয়া এবারও জায়গা করে নিয়েছে নতুন সংস্করণের এই আসরে।
দক্ষিণ কোরিয়ার জয়ের প্রভাব পড়ে দিনের আরেক ম্যাচে। ওমানকে ৩-০ গোলে হারিয়ে জর্ডানও নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট। তাদের জন্য এটিই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ।
এ পর্যন্ত স্বাগতিক তিন দেশসহ বিশ্বকাপ নিশ্চিত করা সাতটি দল হলো—জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আগে থেকেই নিশ্চিত।
২০২৬ সালের এই বিশ্বকাপ হবে ৪৮ দলের। ফিফার ইতিহাসে এবারই প্রথম এত বেশি দল অংশ নিচ্ছে।

