ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলা ও শিশু হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন ইতালির জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বর্তমান কোচ রবার্তো মানচিনি। এক ভিডিও বার্তায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা সাধারণ মানুষ, পরিবার এবং এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না— যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই।”
৬০ বছর বয়সী মানচিনি ইতালির পাশাপাশি সৌদি আরবের জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফুটবলের বাইরেও মানবতা ও ন্যায়ের প্রশ্নে কণ্ঠ তুলে ধরা তার এই বক্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, “আমি আশা করি গাজার যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। যুদ্ধ কোনো সমাধান নয়। বরং নিরীহ মানুষের জীবনই এ ধরনের সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিয়ে থাকে।”
মানচিনির বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে শিশু ও বেসামরিক মানুষ। ঈদুল আজহার ঠিক পরের দিন—৭ জুন, ইসরায়েলি গোলাবর্ষণে কমপক্ষে ৭৫ জন নিহত হন এবং আরও প্রায় ১০০ জন গুরুতর আহত হন।
গাজার সিভিল ডিফেন্স বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ২০ মাস ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪,৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৫০ জনেরও বেশি। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ, যাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এই ভয়াবহ মানবিক সংকটে বিশ্বজুড়ে প্রতিবাদ উঠছে, কিন্তু অনেক বড় কণ্ঠই এখনো নীরব। রবার্তো মানচিনির মতো একজন আন্তর্জাতিক ক্রীড়াব্যক্তিত্ব যখন এমন অবস্থান নেন, তখন সেটি শুধু সাহসিকতা নয়—মানবতার পক্ষেও একটি শক্তিশালী বার্তা হয়ে ওঠে।

