শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ে সমতা ফেরানোর পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। শনিবারের ম্যাচে স্বাগতিক লঙ্কানদের ১৬ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা আনতেই টাইগাররা উঠে এসেছে নবম স্থানে।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল দশম স্থানে, রেটিং পয়েন্ট ৭৬। মাত্র একটি জয় পেলেই র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ ছিল। দ্বিতীয় ম্যাচ জিতে মেহেদী হাসান মিরাজের দল সেই লক্ষ্যে পৌঁছে গেছে। বর্তমানে বাংলাদেশের রেটিং দাঁড়িয়েছে ৭৮, যা তাদের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে (রেটিং ৭৭) একধাপ নিচে নামিয়েছে।
শুধু তাই নয়, লঙ্কানদের এই পরাজয়ের ফলে তারাও একধাপ নিচে নেমেছে। আগের পঞ্চম স্থান থেকে তারা এখন ষষ্ঠ। তাদের রেটিং কমে হয়েছে ১০২, ফলে পাকিস্তান (রেটিং ১০৪) উঠে এসেছে চতুর্থ স্থানে।
আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে শীর্ষ তিনে রয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। সেই দিক থেকে এই উন্নতি বাংলাদেশ দলের জন্য বড় সাফল্য। বর্তমানে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে রেটিং ব্যবধান মাত্র ১, তাই সিরিজের শেষ ম্যাচ জিতে টাইগাররা ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পাবে।
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের বাকি চারটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। তাই শীর্ষ আটে থাকতে না পারলে কঠিন পথেই যেতে হবে বিশ্বকাপে অংশ নিতে।
এই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগও এনে দিয়েছে। এর আগে শ্রীলঙ্কার মাটিতে ৬টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ কোনোবারই সিরিজ জেতেনি- ৪ বার হেরেছে এবং ২টি ড্র করেছে। চলমান সিরিজ জিততে পারলে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

