টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বড়সড় পরিবর্তন নিয়ে এসেছে আইসিসির নতুন র্যাঙ্কিং। ইংল্যান্ডের জো রুটকে হটিয়ে এবার শীর্ষে উঠেছেন তারই সতীর্থ, মিডল অর্ডার বিস্ফোরক ব্যাটার হ্যারি ব্রুক। ভারতের অধিনায়ক শুবমান গিল ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভিয়ান মুল্ডারও নজরকাড়া পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ের সিঁড়ি বেয়ে উঠে এসেছেন নতুন উচ্চতায়।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ১৫৮ রানের ইনিংস খেলেছেন ব্রুক। এই ইনিংসই তাকে এনে দিয়েছে ৮৮৬ রেটিং পয়েন্ট, যা রুটের চেয়ে ১৮ পয়েন্ট বেশি। ফলে প্রায় ছয় মাস ধরে শীর্ষে থাকা জো রুটকে নেমে যেতে হয়েছে দুই নম্বরে। যদিও এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে মাত্র এক সপ্তাহের জন্য এই শীর্ষস্থান দখলে রেখেছিলেন ব্রুক।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটা যেন একেবারেই ‘শুবমান গিল শো’। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচেই দুই ইনিংসে ১৫০ প্লাস রানের ইনিংস খেলেছেন তিনি—২৬৯ এবং ১৬১ রানের অসাধারণ ইনিংস দুটি মিলিয়ে করেছেন ৪৩০ রান। এই ঐতিহাসিক পারফরম্যান্সের সুবাদে তিনি র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে।
সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ২৩তম স্থানে। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ১৪তম, যা তিনি অর্জন করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ভিয়ান মুল্ডার খেলেছেন এক অনবদ্য ইনিংস। ৩৬৭ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। শুধু ব্যাটিং নয়, বল হাতেও তিন উইকেট তুলে নিয়েছেন।
এই অলরাউন্ড পারফরম্যান্সের ফল মিলেছে তিন জায়গায়ই। ব্যাটারদের তালিকায় ৩৪ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে আর অলরাউন্ডারদের মধ্যে উঠেছেন তৃতীয় স্থানে—শুধু মেহেদী হাসান মিরাজ ও রবীন্দ্র জাদেজার পেছনে।
সিরিজ শুরুর আগে মুল্ডার ব্যাটারদের মধ্যে ছিলেন ৭৩তম, বোলারদের মধ্যে ৫৮তম এবং অলরাউন্ডার তালিকায় ২২তম।
বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করেছেন লঙ্কানরা। প্রথম ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলা চারিথ আসালাঙ্কা উঠে এসেছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। আর শেষ ম্যাচে ১২৪ রানের ঝলক দেখানো কুশল মেন্ডিস প্রথমবারের মতো ঢুকেছেন ওয়ানডে ব্যাটারদের শীর্ষ দশে।
বাংলাদেশি তরুণ তাওহীদ হৃদয়ও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৭ ধাপ—এখন তিনি ৫১তম স্থানে। বোলারদের তালিকায় সবচেয়ে বড় উন্নতি শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। তিনি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে।

