আগামী ২০ জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা সফরে সফল হওয়া স্কোয়াডকেই রাখা হয়েছে এই সিরিজে। কোনো পরিবর্তন ছাড়াই পাকিস্তান বধে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই হবে সিরিজের তিনটি ম্যাচ—২০, ২২ ও ২৪ জুলাই।
গত বৃহস্পতিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। একই দিন দেশে ফিরে লিটনরা নতুন সিরিজের প্রস্তুতি শুরু করেন।
লিটন দাস দেশের বাইরে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ী প্রথম বাংলাদেশ অধিনায়ক। ২০২3 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে ৩-০ তে এবং এবার শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
ব্যাটিং দারুণ ছন্দে রয়েছে। তানজিদ, লিটন, হৃদয় ও শামীম ছিলেন রানের মধ্যে। বোলিংয়েও জ্বলে উঠেছেন মেহেদী হাসান, রিশাদ ও মোস্তাফিজ। মেহেদী তৃতীয় ম্যাচে ১১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন।
তবে ইতিহাস বাংলাদেশের পক্ষে নয়। দুই দলের ২২ টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি, বাংলাদেশ মাত্র ৩টি।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

