দীর্ঘদিনের হতাশা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে অবশেষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যদিও এই সিরিজটি পূর্ব নির্ধারিত ভবিষ্যৎ ট্যুর প্লানে ছিল না, তবে বিসিবি ও পিসিবির পারস্পরিক আলোচনার মাধ্যমেই তা বাস্তবায়িত হয়েছে।
শেষবার ২০২১ সালে পাকিস্তান বাংলাদেশে এসেছিল টি-টোয়েন্টি সিরিজ খেলতে, যেখানে মিরপুরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তবে এবার সেই একই ভেন্যুতে ঘুরে দাঁড়ানোর সুযোগ।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি, যেখানে পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার। তবে টাইগারদের সাম্প্রতিক জয় ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। আরও পেছনে গেলে ২০১৫ সালে মিরপুরেই একমাত্র ম্যাচ জিতে ঐতিহাসিক এক সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতিই যেন আবার জেগে উঠেছে।
শ্রীলঙ্কাকে হারানোর রেশ এখনো তরতাজা। তবে সেই আত্মবিশ্বাসকে ভারসাম্যপূর্ণ রাখছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলছেন, মিরপুরের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য কঠিন হয়ে থাকে—আর তার ওপর প্রতিদিনের বৃষ্টি উইকেটকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।
তার ভাষায়,
“চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। ব্যাটারদের ব্যর্থতা স্বাভাবিক। মিরপুরে ব্যাটিংবান্ধব উইকেট হয় না বলেই আমরা জানি। তবুও যে যার জায়গা থেকে সর্বোচ্চটা দিতে চাই।”
পাকিস্তান দলকে নিয়ে লিটনের বিশ্লেষণ—
“তারা শক্তিশালী দল। দলে রয়েছে বৈচিত্র্য, অনেকেই বিপিএলে খেলে অভ্যস্ত এই কন্ডিশনে। ম্যাচ সহজ হবে না, তবে আমরা স্মার্ট ক্রিকেট খেলতে পারলে জয় অসম্ভব নয়।”
এমন আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। এবারও মঞ্চ সেই মিরপুর, গ্যালারিতে একই স্বপ্ন—পুরনো ইতিহাসকে ছুঁয়ে আবারও গর্বের গল্প লেখার।

