এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা, আর ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই যেন টুর্নামেন্টে আগুন! আগের আসরগুলোতে প্রায় নিয়ম করেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একই গ্রুপে পড়েছে। যদিও চলতি বছরের আসরে সেই রেওয়াজ ভাঙতে পারে বলেই ধারণা করা হচ্ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, এবারও একই গ্রুপে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে।
এমনটা হলে অন্তত দু’বার, আর ভাগ্য মিলে গেলে তিনবারও মাঠে গড়াতে পারে এই দুই দেশের দ্বৈরথ। একবার গ্রুপ পর্বে, একবার সুপার সিক্সে, আর দুই দল যদি ফাইনালে পৌঁছে যায়, তবে তৃতীয়বার মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী।
আসরের ভেন্যু নিয়েও চলেছে জোর গুঞ্জন। মূলত ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপড়েনের কারণে এবারের এশিয়া কাপ ভারতে আয়োজন সম্ভব হচ্ছে না। তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
ভারতের জাতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ভার্চুয়ালি অংশ নেন। সেখানেই আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সবাই সম্মত হয়।
এসিসির এক কর্মকর্তা পিটিআইকে জানান, “ভারত এই টুর্নামেন্ট আমিরাতে আয়োজন করবে। এখন পর্যন্ত যা পরিকল্পনা, ভারতের সব ম্যাচই দুবাইয়ে হবে। যদিও পুরো সূচি এখনো চূড়ান্ত হয়নি।”
অন্যদিকে বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া বলেন, “আমাদের ভাইস প্রেসিডেন্ট বৈঠকে যোগ দিয়েছেন এবং বিষয়টি নিয়ে সদস্যদের বিস্তারিত জানাবেন। আমি কোনো জল্পনা-কল্পনায় যেতে চাই না। অফিসিয়াল ঘোষণা দ্রুতই আসবে।”
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টিভির সামনে কোটি ভক্তের চোখ, আর এবার যদি তিনবার মুখোমুখি হয় দুই দল, তাহলে উত্তেজনা থাকবে তুঙ্গে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত খেলতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট আয়োজন হয় ‘হাইব্রিড মডেলে’। তখন ভারতের সবগুলো ম্যাচই হয়েছিল দুবাইয়ে। এমন অভিজ্ঞতা থেকেই এবারের এশিয়া কাপ সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে আমিরাতে—যাতে বিতর্কের আগেই সমাধান মেলে।
এখন শুধু অপেক্ষা চূড়ান্ত সূচি ও আনুষ্ঠানিক ঘোষণার। তবে এটুকু বলাই যায়—এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এবারও কোনো অংশে কমবে না।

