আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন বলে আশ্বাস দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন এক সাক্ষাৎকারে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি উপস্থিত থাকবেন।
কাতার বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেবেন বলে অনেকের ধারণা ছিল। তবে মেসি এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে মেসির খেলার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছিল। এবার এএফএ স্পষ্ট করেছেন, ২০২৬ বিশ্বকাপে মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা তার পরিকল্পনা সাজাচ্ছে, যদিও মেসির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিটারসেন বলেন, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে মেসি এখনো দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা নিশ্চিত, আগামী বিশ্বকাপে মেসি খেলবেন, কারণ তার উপস্থিতিতে আর্জেন্টিনার শক্তি দ্বিগুণ হয়।

স্কালোনি কোচের পরিকল্পনায় মেসির অবদান অপরিসীম। ইনজুরির কারণে মেসি কয়েকটি বাছাই ম্যাচ থেকে বাদ পড়লেও কোচের কৌশলে তিনি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২৬ বিশ্বকাপে মেসির ওপরই দলের পরিকল্পনা নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।
পিটারসেন আরো বলেন, বিশ্বকাপের জন্য পরিকল্পনা চলছে। অবশ্যই স্কালোনির ভাবনা আছে এবং আমরা সাফল্যের দিকে এগোচ্ছি। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ সহজ হবে না। মধ্যপ্রাচ্যের মতো পরিস্থিতি আমাদের জন্য সহজ ছিল না, তবুও সেখানে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় হয়েছিল।

