শীতের শুরুতে হয়তো ফুটবল জুতো বদলে মেসির হাতে থাকবে ক্রিকেট ব্যাট। ফুটবলের বলের বদলে মাঠে থাকবে ক্রিকেট বল এবং যদি সব ঠিকঠাক হয়, তাহলে ডিসেম্বরের ১৪ তারিখ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে এক অভিনব সাত সদস্যের ক্রিকেট ম্যাচ, যেখানে লিওনেল মেসি মুখোমুখি হবেন এমএস ধোনি ও বিরাট কোহলির সঙ্গে!
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) সূত্রে জানা গেছে, একটি খ্যাতনামা ইভেন্ট এজেন্সি মুম্বাইয়ের এই ক্রিকেট স্টেডিয়ামটি ১৪ ডিসেম্বরের জন্য রিজার্ভ করার অনুরোধ করেছে। মেসির ভারতের প্রচারমূলক সফরের অংশ হিসেবে এই দিন মুম্বাই সফরে আসার সম্ভাবনা রয়েছে।
“মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন এবং সম্ভবত প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচ খেলবেন। অনুষ্ঠান আয়োজকরা সবকিছু চূড়ান্ত হওয়ার পর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবেন,” এমসিএর এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানান।
মেসির এই সফর কেবল মুম্বাইতেই সীমাবদ্ধ থাকবে না; তিনি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নতুন দিল্লি ও কলকাতা সফর করবেন বলে জানা গেছে। এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর, প্রথমবারের মতো তিনি এসেছিলেন ২০১১ সালে, যখন আর্জেন্টিনা দল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিল।
সেই সময় থেকে প্রায় ১৪ বছর পর ফের ক্রিকেট এবং ফুটবলের মিলন ঘটতে যাচ্ছে ভারতের মাঠে, যা নিঃসন্দেহে ক্রিকেট-ফুটবল প্রেমীদের জন্য এক আকর্ষণীয় মুহূর্ত হবে।

