এশিয়া কাপের মূল সূচি আগেই প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবার জানিয়ে দেওয়া হলো ম্যাচভিত্তিক ও ভেন্যুও। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল ম্যাচ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
প্রথমে আয়োজক ছিল ভারত, তবে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ভেন্যু বদলে যায়। ফলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে।
বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশের ম্যাচসূচি নিচে দেওয়া হলোঃ
-
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
-
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
-
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এই গ্রুপের ৫টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর একটি ম্যাচ হবে আবুধাবিতে।
এশিয়া কাপ শুরু হবে ‘বি’ গ্রুপের দুই দল আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে, ৯ সেপ্টেম্বর।
এশিয়া কাপের এই আসরে মোট ৮টি দল খেলবে, দুই গ্রুপে বিভক্ত হয়ে। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে সুপার ফোরে, সেখান থেকে হবে ফাইনালের লড়াই।
বাংলাদেশের জন্য এবারের এশিয়া কাপ গুরুত্বপূর্ণ একটি মঞ্চ—বিশ্বকাপের আগমুহূর্তে আত্মবিশ্বাস ফেরানোরও সুযোগ। লিটন দাসের নেতৃত্বে দল প্রস্তুত প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য।


