রাশিয়ায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ৭ আগস্ট রাজধানী মস্কোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠান রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন জানিয়েছে, রাশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স- এই ১০টি দেশের প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।
সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ জানান, রাশিয়ার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বেসামরিক ড্রোন খাতের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২৩ সালে এই কর্মসূচি শুরু হয়। প্রতিযোগীরা নিজস্ব ড্রোন ব্যবহার করে বিভিন্ন দক্ষতা প্রদর্শন করবেন। বিজয়ী পাবেন ৫০ লাখ রুবল বা প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ ৪৮ হাজার টাকা) পুরস্কার।
রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে গালায়েভ বলেন, এই টুর্নামেন্ট বেসামরিক ইউএভি প্রযুক্তির অগ্রগতি প্রত্যক্ষ করার সুযোগ করে দিচ্ছে এবং রাশিয়ার ড্রোন শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, পুতিন বেসামরিক ড্রোন উৎপাদনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। তার নির্দেশে ২০২৩ সাল থেকে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ড্রোন তৈরি ও ওড়ানো বিষয়ক কোর্স চালু হয়। চলতি বছরের মে মাসে স্কুল পাঠ্যক্রমেও এই বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

