পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই জয় বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনেনি। বরং ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে মেহেদী হাসান মিরাজরা নেমে গেছে ১০ নম্বরে, আর ক্যারিবিয়ানরা উঠে এসেছে ৯ নম্বরে।
বৃষ্টি আইনে ৫ উইকেটে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮, আর বাংলাদেশের রেটিং এখন ৭৭ পয়েন্ট। মাত্র এক পয়েন্টের ব্যবধানে টাইগারদের পেছনে ফেলেছে শাই হোপের দল।
গত জুলাইতে শ্রীলঙ্কাকে হারিয়ে ৯ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ, ফেলে দিয়েছিল ক্যারিবিয়ানদের। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ নিজেদের আগের অবস্থান পুনরুদ্ধার করল।
এই ম্যাচে পাকিস্তানেরও অবনতি হয়েছে—তারা নেমে গেছে পাঁচে, আর শ্রীলঙ্কা উঠে এসেছে চার নম্বরে। তবে শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই; যথারীতি ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আছে এক, দুই ও তিনে।
বর্তমান অবস্থায়, ওয়েস্ট ইন্ডিজ যদি সিরিজের শেষ ম্যাচেও হারে, তবুও তারা বাংলাদেশের ওপরে অবস্থান ধরে রাখবে।

