বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি নির্বাচন না করার ইঙ্গিত দিলেও এবার মত পাল্টে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো। এখানে সভাপতি সরাসরি নির্বাচিত হন না, বরং পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। তাই প্রথম লক্ষ্য পরিচালকের পদে জয়লাভ করা। পরবর্তীতে সুযোগ হলে দেশের সেবায় আরও এগিয়ে আসবো।”
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন—ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন ২ জন পরিচালক। সব মিলিয়ে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়ে পরবর্তীতে সভাপতি নির্বাচনে ভোট দেন।
সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিসিবির ভার্চুয়াল সভায় অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়। সেই প্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন আমিনুল ইসলাম বুলবুল।

