টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা না পাওয়ার শঙ্কা নিয়ে মাঠে নেমে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৫–৪ গোলের নাটকীয় জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ৯টি গোল হলেও এর মধ্যে দুটি আত্মঘাতী গোল করেছে ইতালি নিজেই।
গতকাল রাতে হাঙ্গেরির দেব্রেসেনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। ম্যাচের ১৬ মিনিটে মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরায়েল। ৪০ মিনিটে ফরোয়ার্ড ময়জে কিনের গোলে সমতায় ফেরে ইতালি। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে মিডফিল্ডার দোর পেরেৎজ গোল করে আবার এগিয়ে দেন ইসরায়েলকে। তবে এই লিড টিকেছিল মাত্র দুই মিনিট। ৫৪ মিনিটে কিনের দ্বিতীয় গোলে আবার সমতা ফেরে ম্যাচে। ৫৮ মিনিটে মাতেও পলিতানোর গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় ইতালি।
৮১ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোল ব্যবধান বাড়িয়ে দেয় ৪–২। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় খেলা। ৮৭ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। দুই মিনিট পরই পেরেৎজের দ্বিতীয় গোলে সমতায় ফেরে তারা। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে সান্দ্রো তোনালির গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ৫–৪ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
ম্যাচে বল দখলে সামান্য এগিয়ে ছিল ইতালি। তারা বল দখলে রাখে ৫৪ শতাংশ সময়, নেয় ১৭টি শট যার মধ্যে ৭টি ছিল পোস্টে। অন্যদিকে ইসরায়েলের ৪৬ শতাংশ বল দখলে ছিল ১১টি শট, এর মধ্যে ৭টি লক্ষ্যভেদী।
এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে ইসরায়েল তৃতীয় স্থানে, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে থাকা নরওয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপের সেরা দল সরাসরি বিশ্বকাপে খেলবে, রানার্সআপদের প্লে-অফে লড়তে হবে। ফলে ইতালির ঝুঁকি এখনো কাটেনি।
ম্যাচ শেষে ইতালির কোচ জেনারো গাত্তুসো বলেন, “এই জয় আমাদের খুব দরকার ছিল। তবে আমরা অনেক বোকামি করেছি, অদ্ভুত কিছু গোল হজম করেছি। এগুলো ঠিক করতে হবে।”
আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার মাঠে খেলবে ইতালি। ১৪ অক্টোবর ঘরের মাঠে ফের মুখোমুখি হবে ইসরায়েলের। এরপর ১৩ নভেম্বর মলদোভার বিপক্ষে খেলবে তারা। ১৬ নভেম্বর নরওয়ের বিপক্ষে হতে পারে গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচ।
রাতের অন্য ম্যাচগুলোতেও ছিল চমক। মন্টেনেগ্রোকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এ শীর্ষে আছে ক্রোয়েশিয়া। তাদের সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেক প্রজাতন্ত্র, তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে।
গ্রুপ ‘বি’-তে কসোভোর কাছে ২–০ গোলে হেরে গেছে সুইডেন। দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১। একই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড, ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কসোভো।

