লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে সব জিতেছেন যা একজন খেলোয়াড় জিতে নিতে পারেন। এখন তিনি ক্যারিয়ারের শেষ পর্যায়ে। কিন্তু এবার মাঠের বাইরে নতুন এক যাত্রা শুরু হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি এবার ‘ভোটের লড়াইয়ে’ অংশ নিতে পারেন।
মেসি ১৭ বছর বার্সেলোনা ক্লাবে খেলেছেন। আগামী বছর ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পেন থেকে খবর এসেছে, মেসি সেই নির্বাচনে অংশ নিতে পারেন। তবে সেটা সরাসরি নাকি পরোক্ষভাবে হবে, তা এখনও নিশ্চিত নয়।
বার্সেলোনার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা আবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু শোনা যাচ্ছে, মেসি তাঁর পাশে নাও থাকতে পারেন। স্প্যানিশ গণমাধ্যম এসইআর জানিয়েছে, মেসির সম্পৃক্ততা লাপোর্তার পক্ষে নাও যেতে পারে।
লাপোর্তা চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। কিন্তু তার জয় সহজ হবে না। কারণ ক্লাবের সাবেক তারকা ও ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়।
২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর লাপোর্তা মেসিকে ক্লাবে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই চুক্তি ভেস্তে যায়। মেসি তখন প্যারিস সেইন্ট জার্মেইঁ ক্লাবে যোগ দেন। মেসি ও তার পরিবার এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন। এরপর থেকে লাপোর্তা ও মেসির সম্পর্ক ঠাণ্ডা আছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে সেটা লাপোর্তার শিবির থেকে নয়। ফলে মেসি যদি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, নির্বাচনের ফলাফলে তার প্রভাব বড় হতে পারে।
আগামী নির্বাচনে লাপোর্তার বিপক্ষে ভিক্টর ফন্ট ও জোয়ান কামপ্রুবি প্রার্থী হতে পারেন। বার্সেলোনার সফল ডাবল জয়ের পরও লাপোর্তার জয় নিশ্চিত নয়। আর মেসির মতো কিংবদন্তি যদি বিপক্ষে অবস্থান নেন, তাহলে জয় আরও কঠিন হয়ে পড়বে।
এখন দেখার বিষয়, মেসি সরাসরি নির্বাচনে ভূমিকা নেন কি না, নাকি দূরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে বার্সা সমর্থকদের নজর ইতিমধ্যেই এই সম্ভাবনার দিকে রয়েছে।

