তুরস্কে পেশাদার ফুটবল লিগে জুয়া কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। এর আগে এসব রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে লিগের ম্যাচে বাজি ধরার অভিযোগ উঠেছিল।
গতকাল টিএফএফের শৃঙ্খলা কমিটি ১৪৯ জনের বিরুদ্ধে ৮–১২ মাসের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে। অভিযুক্ত আরও তিন রেফারির বিরুদ্ধে তদন্ত চলছে।
এর আগে টিএফএফ ৫৭১ জন রেফারির বিরুদ্ধে তদন্ত চালায়। ৩৭১ জনের বাজি ধরার হদিস পাওয়া গেছে, যার মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়ার সঙ্গে যুক্ত। ২২ জন রেফারি তুরস্কের শীর্ষ লিগের ম্যাচ পরিচালনায় ছিলেন।
টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু বলেন, “তুর্কি ফুটবলের সুনাম মাঠের নিষ্ঠা ও ন্যায়ের ওপর নির্ভরশীল। এই মূল্যবোধে বেইমানি শুধু নিয়ম ভঙ্গ নয়, এটি বিশ্বাসঘাতকতাও।”
তদন্তে দেখা গেছে, অভিযুক্তদের মধ্যে ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন। আরো ৪২ জন রেফারি প্রতি ১,০০০-এর বেশি ম্যাচে জুয়া খেলেছেন। তবে কেউ নিজেদের পরিচালিত ম্যাচে বাজি ধরেছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, রেফারিদের পাশাপাশি কিছু ক্লাব ও ফুটবলারের বিরুদ্ধেও তদন্ত চলছে। প্রায় ৩,৭০০ খেলোয়াড় এই তদন্তের আওতায় রয়েছেন।

