নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবি চার কর্মকর্তাকে দায়িত্বের বাইরে (ওএসডি) রাখা হয়েছে।
বিষয়টির অগ্রগতির তথ্য জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, বোর্ড তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।”
ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—বিসিবির অফিসিয়াল ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, ফিজিও সুরাইয়া আখতার, কোচ মাহমুদ ইমন এবং অফিসিয়াল সরফরাজ বাবু।
অভিযোগে নাম এসেছে আরো একজন সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধেও। বর্তমানে তিনি চীনে নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাতে তিনি ফেসবুকে বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং জানিয়েছেন যে, তিনি যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।
দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই অভিযোগের তদন্তে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নবনিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

