বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি বোর্ডের এক বৈঠকে তিনি ক্রিকেট ও ফুটবল নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তোলে।
বিসিবির ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনেই আসিফ আকবর বলেন, “ক্রিকেট একটা আভিজাত্যের খেলা, কিন্তু ফুটবলারদের কারণে দেশে ঠিকভাবে ক্রিকেট চালানো যাচ্ছে না। তারা স্টেডিয়াম দখল করে রাখে, এমনকি উইকেটও ভেঙে ফেলে।”
তার এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং ফুটবল অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
ফুটবল ফেডারেশনের সদস্য ও সাবেক তারকা গোলাম গাউস বলেন, “আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই নন, তাই তার মন্তব্য নিয়ে ফুটবলের কিছু যায় আসে না।”
অন্যদিকে বাফুফের সদস্য কামরুল হাসান হিলটন ফেসবুকে লিখেছেন, “একজন প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে এক করে, বিভক্ত নয়। কিন্তু আসিফের মন্তব্য আমাদের অঙ্গনকে ভাঙছে।”
জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক আরও সরাসরি প্রতিক্রিয়া দিয়ে বলেন, “এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই। যদি কেউ ফুটবলকে প্রতিপক্ষ ভাবতে চায়, আমরা তাতেও প্রস্তুত।”
কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, “যার যেখানে থাকা উচিত নয়, সে সেখানেই বসে আছে। আগে ভাষা ঠিক করুন।”
এমনকি সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্যও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আসিফ আকবরকে দেশের ফুটবলারদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
বিতর্কের আগুনে ঘি ঢেলেছে আরেকটি বিষয়—বৈঠকে আসিফের বক্তব্যের সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হাস্যোজ্জ্বল অবস্থায় তাকে তালি দিতে দেখা গেছে। ক্রীড়া অঙ্গনে এখন এই আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে: বোর্ড কি আসিফের মন্তব্যকে সমর্থন করছে?

