এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত—দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত। তবু আজ মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়াইটা শুধুই আনুষ্ঠানিক ম্যাচ নয়। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আলাদা মর্যাদা। তাই দুই দলের লক্ষ্য আজ একটাই—সর্বস্ব দিয়ে মাঠে নেমে শেষ ম্যাচে সম্মান রক্ষা।
ম্যাচ শুরু হবে রাত ৮টায়। যারা মাঠে যেতে পারছেন না, তাদের জন্যও রয়েছে নানা দেখার সুযোগ। টিভিতে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে আইস্ক্রিন, বঙ্গ বিডি, র্যাবিটহোল এবং ফ্যানকোড অ্যাপেও ম্যাচটি লাইভ দেখা যাবে।
এবার আসা যাক দুই দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স ও ইতিহাসে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত অনেকটাই এগিয়ে—১৩৬তম স্থানে। বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। তবু মাঠের প্রতিযোগিতা কখনও র্যাঙ্কিং মানে না, বিশেষ করে বাংলাদেশ–ভারত ম্যাচ হলে তো নয়ই।
এ দুই দলের মুখোমুখি লড়াইয়ের সংখ্যাও কম নয়—৩২ বার। কিন্তু বাংলাদেশ জিতেছে মাত্র তিনবার। সেই তিন জয়ও বেশ পুরোনো স্মৃতি—১৯৯১ ও ১৯৯৯ সালের সাফ গেমস, আর সর্বশেষ জয়টি ২০০৩ সালে ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে। এর পর দীর্ঘ ২১ বছরে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক ছয় ম্যাচের পাঁচটিই আবার ড্র হয়।
উল্লেখযোগ্য একটি তথ্য হলো, বাংলাদেশ ১৬ বছর পর ঘরের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে। সর্বশেষ ভারত ঢাকায় খেলেছিল ২০০৯ সালের ১১ ডিসেম্বর। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আবার দুই দল নেমে পড়ছে মাঠে—তাই দর্শকদের প্রত্যাশাও এবার একটু অন্যরকম।

