মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ সেশনে আলো ধীরে ধীরে কমে আসছিল। তবে আলো কমলেও স্টেডিয়ামে উল্টো বাড়ছিল উত্তেজনা। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক বিশেষ মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে শত রানের ঠিক সামনে—৯৯ রানে অপরাজিত অবস্থায় দিন শেষ করেছিলেন তিনি। সারা মাঠে তখন একটাই অপেক্ষা—মুশফিকের সেঞ্চুরি কখন আসছে?
বুধবার (১৯ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৯২ রানে দিন শেষ করে বাংলাদেশ। মুশফিক ৯৯* আর লিটন দাস ৩০* রানে রাতটা পার করেন।
আগেই মুশফিক বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি অনন্য রেকর্ড গড়েছেন—দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব তারই। বিশ্ব ক্রিকেটেও মাত্র ৮৪ জনের ক্লাবে নাম তুলেছেন তিনি।
এবার সকালটা শুরু হয়েছে আরেকটি ইতিহাস লেখার মাধ্যমে। সেঞ্চুরির ঠিক এক রান দূরে গিয়ে যেভাবে দিন শেষ করেছিলেন, তাতে ‘নার্ভাস নাইটি’ যে তাকে পেয়ে বসেছিল তা বোঝাই যায়। দিনের শুরুটা করেন একটি মেডেন ওভার খেলে। অপেক্ষা বাড়ছিল, উত্তেজনাও। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কে—নিজের শততম টেস্টে স্মরণীয় একটি সেঞ্চুরি।
এই কীর্তি বিশ্ব ক্রিকেটেও বিরল। মুশফিক বিশ্বের মাত্র ১১তম ব্যাটার, যিনি জীবনের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। এই তালিকায় আগে ছিলেন জাভেদ মিয়াদাঁদ, রিকি পন্টিং, জো রুট, ডেভিড ওয়ার্নারদের মতো কিংবদন্তিরা। এবার সে তালিকায় বাংলাদেশের “মিস্টার ডিপেন্ডেবল”।
শততম টেস্টে শতরান—এই সম্মান অর্জন করে মুশফিক আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনি এখনও দেশের সবচেয়ে ভরসার ব্যাটারদের একজন।

