২০২৬ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও উত্তাপ ছড়াতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে নামবে দুই দল।
এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে এশিয়া কাপের বিতর্কের পর থেকে—যেখানে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের কাছ থেকে ট্রফি গ্রহণ না করা নিয়ে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার পর এটিই হতে যাচ্ছে তাদের প্রথম মুখোমুখি লড়াই।
ইএসপিএনক্রিকইনফো বলছে, ভারত–পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়াকে। ভারতের বিশ্বকাপ সফর শুরু হবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি।
টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। গ্রুপপর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ নির্ধারিত আছে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও ক্যান্ডিতে।
আগের বিশ্বকাপের মতো এবারও মোট ২০ দল অংশ নেবে এবং চারটি গ্রুপে ভাগ হয়ে লড়াই শুরু হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে, পরে অনুষ্ঠিত হবে ফাইনাল। ভারত যদি সুপার এইট পর্বে পৌঁছায়, তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়।
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। ফাইনাল মূলত আহমেদাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু পরিবর্তন করে কলম্বো নিয়ে যাওয়া হতে পারে।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

