বিপিএলের ফিক্সিং কেলেঙ্কারিতে এবার কঠোর পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর বিসিবি তা গুরুত্বের সঙ্গে তদন্তে নেমেছিল। তদন্তের পর প্রমাণ মিলেছে, ফলে দেশের ৮ ক্রিকেটার বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন।
দীর্ঘ সময় ধরে চলা এই তদন্ত শেষে কমিটি ৯০০ পাতার বিশদ রিপোর্ট বিসিবিতে জমা দিয়েছে। তদন্তে ছিলেন বিসিবির দুর্নীতি দমন কমিশন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শাল। তার পরামর্শ অনুযায়ী অভিযুক্তদের শাস্তি নিশ্চিত হচ্ছে। পাশাপাশি আসন্ন বিপিএলেও অভিযুক্তরা অংশগ্রহণ করতে পারবেন না।
গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ ক্রিকেটারের সঙ্গে অন্তত ১০-১২ জনের বিরুদ্ধে শাস্তি দেওয়া হতে পারে। এর মধ্যে ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের সদস্য ও সাংবাদিকদের নামও রয়েছে।
বিসিবি সভাপতি আগে থেকেই ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছিলেন। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে না। দীর্ঘদিনের তদন্ত শেষে প্রমাণিত হওয়ায়, নিলাম ও আসন্ন বিপিএলে অভিযুক্তদের নাম বাদ দিয়ে বোঝানো হবে তারা ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

