অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের বাইরেও উত্তাপ ছড়িয়েছে। ভারতের যুব ক্রিকেটারদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি।
দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপের শিরোপা জয়ের আনন্দে দেশে ফিরে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যানও। সেখানে বক্তব্য দিতে গিয়ে নকভি স্পষ্ট ভাষায় বলেন, ফাইনাল ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের আচরণ কোনোভাবেই ক্রীড়াসুলভ ছিল না।
নকভির দাবি, ম্যাচ চলাকালীন পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের ইচ্ছাকৃতভাবে উসকানি দিচ্ছিল ভারতীয় দলের কয়েকজন খেলোয়াড়। এ ধরনের আচরণ ক্রিকেটের চেতনার পরিপন্থী বলেই মনে করেন তিনি। নকভি বলেন, খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখাই শ্রেয়, আর মাঠে শালীনতা বজায় রাখা সব দলের দায়িত্ব।
দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একাধিকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার কাটাকাটি দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে একাধিকবার হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদেরও। তবে মাঠের উত্তেজনার বাইরে পারফরম্যান্সে ভারতীয় দল ছিল পুরোপুরি ব্যর্থ। পাকিস্তানের শক্তিশালী বোলিং ও ব্যাটিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারেনি এবং বড় ব্যবধানে ১৯১ রানে পরাজিত হয়।
এর আগেও ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের কোচ সরফরাজ আহমেদ। সব মিলিয়ে বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের নজরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিসিবি।

