ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দলে রাখার অনুমতি দেয়নি। ভারতীয় বোর্ডের নির্দেশের পরই বিষয়টি কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিল। এবার কলকাতা নাইট রাইডার্স বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।”
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সংগীত সোম এই প্রসঙ্গে কঠোর মন্তব্য করেন।
এর আগে বিসিসিআই জানিয়েছিল, কূটনৈতিক পরিস্থিতি ক্রিকেট মাঠে প্রভাব ফেলবে না। এক কর্মকর্তা জানিয়েছিলেন, “বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। সংবেদনশীল বিষয়গুলো আমরা সরকারের সঙ্গে আলোচনা করি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ এখনও আসেনি। মুস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলবেন।”

