ফিফা প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচ নম্বরে। সর্বোচ্চ সাতটি অবস্থানে এবার কোনো পরিবর্তন হয়নি। স্পেনের পর যথাক্রমে ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ, এরপর ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস।
বাংলাদেশের অবস্থানেও কোনো নড়চড় হয়নি। আগের মতোই ১৮০তম স্থানে রয়েছে লাল-সবুজের দল। দক্ষিণ এশিয়ায় ভারত এক ধাপ এগিয়ে ১৪১তম স্থানে উঠেছে। বাংলাদেশের ঠিক দুই ধাপ নিচে নেপাল। সাফ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা আছে ১৯৪তম এবং পাকিস্তান ১৯৯তম স্থানে।
এই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে আফ্রিকা কাপ অব নেশনস। টুর্নামেন্টে ফাইনালে সেনেগালের কাছে হেরে গেলেও মরক্কো ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং অর্জন করেছে। তিন ধাপ এগিয়ে তারা এখন অষ্টম স্থানে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর আগের সেরা অবস্থান ছিল ১৯৯৮ সালের এপ্রিলে, তখন তারা ছিল দশম।
চ্যাম্পিয়ন সেনেগাল সাত ধাপ এগিয়ে উঠে এসেছে তাদের ইতিহাসসেরা ১২তম স্থানে। আফ্রিকান দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের রেকর্ড আছে নাইজেরিয়ার, যারা ১৯৯৪ সালে একসময় পঞ্চম স্থানে উঠেছিল। আর আরব দেশগুলোর মধ্যে সেরা র্যাঙ্কিংয়ের নজির মিশরের, ২০১০ সালের জুলাইয়ে তারা নবম স্থানে পৌঁছেছিল।
চলতি টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করা নাইজেরিয়া ২৬তম স্থানে উঠে এসেছে। সেমিফাইনালে ওঠা মিশর চার ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে, যদিও তারা আলজেরিয়ার চেয়ে তিন ধাপ পেছনে রয়েছে।

