ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটাররা আজ বিকেল ৫টা থেকেই তাদের ভোট দিতে পারবেন।
ইসি জানিয়েছে, নিবন্ধিত প্রবাসী ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট কিংবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত ধাপ অনুসরণ করে নিজ নিজ সংসদীয় আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন। ভোট প্রদানের পর সেই ব্যালট নির্ধারিত নিয়ম অনুযায়ী ডাকযোগে বাংলাদেশে পাঠাতে হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে অ্যাপে নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়া শেষে হলুদ রঙের খামে ব্যালট ভরে আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে সেটি গণনায় আসবে না।
নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। ইসির আরেকটি বার্তায় জানানো হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকায় একজন ভোটারের হয়ে অন্য কেউ ভোট দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটদানের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বর্তমানে বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ফলে সময়মতো ভোট দিয়ে ব্যালট পাঠানোর সুযোগ পাচ্ছেন নিবন্ধিত ভোটাররা।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। কমিশনের আশা, এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক হবে।

