আইসিসির বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
বৈঠক শেষে আসিফ নজরুল জানান, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। তবে আইসিসি বিষয়টি পুনর্বিবেচনা করবে—এমন আশাবাদ প্রকাশ করেন তিনি।
বৈঠকে জাতীয় দলের একাধিক ক্রিকেটার ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ৪ জানুয়ারি থেকে বাংলাদেশ সরকার ও বিসিবি নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরের বিরোধিতা করে আসছে।
এই অবস্থান অপরিবর্তিত থাকলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে—এ কথা আগেই স্পষ্ট করেছে আইসিসি। এমনকি ভারতে খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশকে বদলি দল দিয়ে প্রতিস্থাপনের ঘোষণাও দেয় তারা। এরপরই সমাধানের পথ খুঁজতে সরকারের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিসিবি।

