নিশ্চিত আশঙ্কাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার আনুষ্ঠানিক ঘোষণা এলো—২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড। এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ক্রিকবাজ।
শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ও দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয়, বিশ্বকাপ আয়োজনের স্বার্থে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে অন্তর্ভুক্ত করা ছাড়া আইসিসির হাতে আর কোনো বিকল্প ছিল না।
নিয়ম অনুযায়ী এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বিসিবি সভাপতি এবং আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলের কাছেও। একইসঙ্গে ক্রিকবাজ স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিদ্ধান্তের পরপরই দুবাই ও এডিনবার্গের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ হয়েছে।
পুরো ঘটনার সূত্রপাত নিরাপত্তা শঙ্কা থেকে। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নিয়ে আইসিসি বোর্ড সভায় বিষয়টি তোলা হলে ১৪–২ ভোটে বিসিবি সেই প্রস্তাবে হেরে যায়। এরপর শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি’র (ডিআরসি) কাছে আবেদন জানায়। কিন্তু এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়। আইসিসির পক্ষ থেকে দেওয়া ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পরই শনিবার সকালে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের বিদায়ে বড় সুযোগ তৈরি হয়েছে স্কটল্যান্ডের জন্য। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশগুলোর মধ্যে তারাই বিশ্বকাপে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের নির্ধারিত স্লটেই ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে স্কটিশরা। যে ভেন্যুগুলোতে—কলকাতা ও মুম্বাই—খেলতে বাংলাদেশ আপত্তি জানিয়েছিল, ঠিক সেখানেই খেলবে স্কটল্যান্ড।
সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা, একই ভেন্যুতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।
বাংলাদেশের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান, কূটনীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নেও বড় এক ধাক্কা। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অনুপস্থিতি যে দীর্ঘদিন আলোচনায় থাকবে, তা বলাই বাহুল্য।

