দিনভর নাটকীয়তা ও নানা জল্পনার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুজন প্রার্থী। জয়নুল আবদিন ফারুক এবং সাজেদ এএ আদেল সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।
আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ভোট না হলেও পরিচালক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করে দেয়। এ সময় জয়নুল আবদিন ফারুক তাঁর প্রতিনিধির মাধ্যমে সভাপতি ও পরিচালক—এই দুই পদে জমা দেওয়া মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেন।
অন্যদিকে সাজেদ এএ আদেল সভাপতি ও পরিচালক—দুটি পদেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে তিনি সভাপতির মনোনয়নপত্র প্রত্যাহার করে পরিচালক পদের মনোনয়ন বহাল রাখেন।
এ ছাড়া মোস্তফা কামাল ও মাহমুদ হাসান খান পরিচালক পদে জমা দেওয়া তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। তবে ওই আবেদনে কিছু ত্রুটি থাকায় কমিশন পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। যদি তাঁদের আবেদন গ্রহণ না করা হয়, তাহলে পরিচালকের ১৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন মোট ২৮ জন প্রার্থী। নির্বাচন কমিশন শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর বরকত উল্লাহ বুলু হতে যাচ্ছেন পঞ্চম সভাপতি। ২০১১ সালে প্রথম সভাপতি হয়েছিলেন কুতুব উদ্দিন আহমেদ। এরপর দায়িত্ব পালন করেন মোহাম্মদ ওবায়দুল করিম এবং অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.)। আগামী ৯ মার্চ নির্বাচনের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন বরকত উল্লাহ বুলু।

