আফগানিস্তানের টি–টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারকা লেগ স্পিনার রশিদ খানকে। তাঁর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে।
আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করবেন ইব্রাহিম।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ দলীয় ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে টি–টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির ওপর বোর্ড নজর রাখছে এবং সিরিজটি নির্ধারিত সময় ও ভেন্যু অনুযায়ী আয়োজন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
সূচি অনুযায়ী আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা শারজাহতে। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ হবে দুবাইয়ে।
উল্লেখ্য, চলতি আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। আগের আসরে সেমিফাইনাল খেলা দলটি এবার গ্রুপ পর্বেই ছিটকে যায়। প্রথম ম্যাচে তারা হারে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কাছে। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের সঙ্গে টাই হওয়ার পর সুপার ওভারে পরাজিত হয়।
এই ফলাফলকে ব্যর্থতা হিসেবে দেখছেন আফগান ক্রিকেটের নীতিনির্ধারকেরা। সেই প্রেক্ষাপটেই টি–টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।

