আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামিকে বিশেষ সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জয়ের সাফল্য উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আমন্ত্রণ জানান।
গত ডিসেম্বর প্রথমবারের মতো এমএলএসের শিরোপা জিতে ইতিহাস গড়ে ইন্টার মিয়ামি। সেই সাফল্যকে ঘিরেই এই আয়োজন করা হয়। শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে পুরো দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে মেসি ও তার সতীর্থরা মঞ্চে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের সামনে দলের সাফল্যের প্রশংসা করেন ট্রাম্প।
ইন্টার মিয়ামি ক্লাবটির সহ-মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ক্লাবটির এই ঐতিহাসিক সাফল্য যুক্তরাষ্ট্রজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে ট্রাম্প নিজের ছেলে ব্যারনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমার ছেলে ব্যারন আমাকে জিজ্ঞেস করল, বাবা তুমি জানো আজ এখানে কে থাকবে? আমি বললাম, না, আমার অনেক কাজ চলছে। তখন সে বলল—মেসি! সে তোমার বড় ভক্ত।”
ট্রাম্প আরও বলেন, তার ছেলে মনে করে মেসি শুধু একজন মহান ফুটবলারই নন, তিনি একজন অসাধারণ মানুষও।
৩৮ বছর বয়সী লিওনেল মেসি গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি করেন। নতুন এই চুক্তি অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন।
ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। তিনি টানা দুই মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম ফুটবলার।
মেসির অসাধারণ সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “লিও তার অবিশ্বাস্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে, কিন্তু তুমি মিয়ামিকে বেছে নিয়েছ।”
তিনি আরও বলেন, “আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য তোমাকে ধন্যবাদ।”
অনুষ্ঠানে ফুটবল কিংবদন্তি পেলেকেও স্মরণ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি হয়তো এটা বলা উচিত না, কিন্তু আমি পেলের খেলা দেখেছি। পেলে অবশ্যই অসাধারণ ছিল। তবে হয়তো তুমি তার চেয়েও ভালো।”
হোয়াইট হাউসে এই সংবর্ধনা ইন্টার মিয়ামির ঐতিহাসিক সাফল্যকে আরও স্মরণীয় করে তুলেছে।

