আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ নিয়ে ইরানের জাতীয় ফুটবল দলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানি খেলোয়াড় ও কোচদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহারের পরামর্শ দেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানের দল যুক্তরাষ্ট্রে এসে খেলতে চাইলে তারা স্বাগত। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের সেখানে থাকা নিরাপদ হবে কি না, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। মূলত খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা ১৫ জুন, ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইরানের। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হতে পারে।
এদিকে ট্রাম্পের এই নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা নিয়ে হোয়াইট হাউস এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। বিষয়টি আরও আলোচনায় আসে কারণ এর ঠিক দুই দিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের দল যুক্তরাষ্ট্রে এসে খেললে তারা পূর্ণ সমর্থন পাবে।
সেই বৈঠকের পর ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন, ফুটবল এমন একটি খেলা যা বিশ্বকে একত্র করে। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্টও ইরানের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিভ্রান্তি তৈরি করেছে।
উল্লেখ্য, ৪৮টি দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালে। এই টুর্নামেন্ট ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন করা হবে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে ২০তম স্থানে থাকা ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও ইরানের অ্যাথলেট ও কোচরা ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতামুক্ত, তবুও চলমান সংঘাতময় পরিস্থিতি তাদের বিশ্বকাপ অংশগ্রহণকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
গত বিশ্বকাপে ইরান গ্রুপ পর্বেই বিদায় নেয়, যেখানে তারা যুক্তরাষ্ট্রের কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। এবারের বিশ্বকাপেও একই ধরনের রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি ফুটবলের মঞ্চকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করছে।

