দেশে মিজেলস (হাম) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে আক্রান্ত হয়ে ৭,৬১০ জন শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।
আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৩,২৫৯ জন শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নিশ্চিতভাবে ৪৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে।
মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, যেখানে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে ঢাকা বিভাগে ১০ জনের মৃত্যু।
অন্যদিকে, একই সময়ে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে উঠেছে।

