নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি সত্যতা যাচাই করতে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জনের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত ছিলেন, যার মধ্যে ২ জন ডাক্তার নির্ধারিত সময়ের পরে এসেছেন। মন্ত্রী হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, “আমরা খবর পেয়েছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সময় মতো আসেন না। আজকে সরাসরি যাচাই করে দেখেছি, ১৬ জন কর্তব্যরত ডিউটি ডাক্তারের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। ডাক্তাররা মানবিক কাজ করেন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের ভূমিকা অপরিহার্য। যারা উপস্থিত হয়নি, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রী আরো জানান, “আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি এবং প্রতি উপজেলায় পৌঁছে দিচ্ছি। দেশের প্রতিটি স্থানে রেবিক্স টিকার কোনো সমস্যা থাকবে না।”
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা।

