পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৩ সালের মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রতিবেদন অনুমোদন করেছে। প্রতিবেদনে কোম্পানির আর্থিক অবস্থার বিভিন্ন সূচকে অবনতির চিত্র উঠে এসেছে। তবে একই সময়ে নিট দায় কিছুটা কমলেও তা এখনো প্রায় ১ হাজার ৪২৭ কোটি টাকার কাছাকাছি রয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে এই মূল্যায়ন প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২২৭তম সভায় ২০২৩ সালের এই ভ্যালুয়েশন প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির নিট দায় দাঁড়ায় ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ টাকার কিছু বেশি। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৩২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট দায় সামান্য হ্রাস পেলেও সার্বিক আর্থিক অবস্থায় বড় কোনো উন্নতি হয়নি।
প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বর শেষে জীবন বিমা তহবিল কমে দাঁড়ায় ৭৫৭ কোটি ৩৪ লাখ টাকায়। ২০২২ সালের ডিসেম্বর শেষে এই তহবিল ছিল ৭৭১ কোটি ৩৩ লাখ টাকার বেশি। এতে স্পষ্ট হয়, তহবিল ব্যবস্থাপনায় চাপ অব্যাহত রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে কোম্পানির ঘাটতির পরিমাণ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে এ ঘাটতি বেড়ে দাঁড়ায় ৬৬৯ কোটি ৪৩ লাখ টাকায়। আগের বছরে এই ঘাটতি ছিল প্রায় ৬৬১ কোটি ২৩ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে ঘাটতি আরও ৮ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

