দেশের নন-লাইফ বিমা খাতে ব্যক্তিগত এজেন্টদের মাধ্যমে কমিশন প্রদানের সুযোগ বন্ধ হচ্ছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওউজঅ) এক নির্দেশনায় সব ব্যক্তিগত এজেন্টের লাইসেন্স স্থগিত করেছে।
ফলে আগামীকাল ১ জানুয়ারি ২০২৬ থেকে বিমা কোম্পানিগুলো এজেন্টদের কোনো কমিশন দিতে পারবে না।
ওউজঅ ২৩ ডিসেম্বর একটি সার্কুলার (নম্বর: নন-লাইফ-১০৯/২০২৫) জারি করেছে।
এতে বলা হয়েছে, নন-লাইফ বিমাকারীদের অধীনে থাকা সব ব্যক্তিগত এজেন্টের লাইসেন্স স্থগিত হবে এবং ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু ওই তারিখ থেকে ব্যক্তিগত এজেন্টদের লাইসেন্স থাকবে না, তাই তাদের কোনো কমিশন দেওয়া যাবে না। বিমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কমিশন বা অন্য কোনো পারিশ্রমিক দেওয়া বৈধ নয়।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিমা আইন ও বিধিমালার আওতায় কঠোর শাস্তি দেওয়া হবে। সব নন-লাইফ বিমাকারী প্রতিষ্ঠানকে এই নির্দেশনা যথাযথভাবে মানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

