সাধারণ বিমা বা নন-লাইফ খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনার অনুমোদন স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে এখন থেকে কোনো সাধারণ বিমা কোম্পানি ব্যক্তি এজেন্টের মাধ্যমে কার্যক্রম চালাতে পারবে না। এই সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর উপপরিচালক ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমদ এস এম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-লাইফ বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ রক্ষা, বিমাগ্রহীতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, নন-লাইফ বিমা খাতে ইস্যু করা সব ব্যক্তি এজেন্ট লাইসেন্স ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে। এর ফলে ১ জানুয়ারির পর থেকে নন-লাইফ বিমা ব্যবসায় ব্যক্তি এজেন্টরা কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ বা প্রদান করতে পারবেন না।
নিয়ন্ত্রক সংস্থার মতে, ব্যক্তি এজেন্টদের মাধ্যমে বিমা ব্যবসায় নানা অনিয়ম ও ঝুঁকি তৈরি হচ্ছিল। এসব অনিয়ম কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বিমা খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করছে আইডিআরএ।

