মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে—এমন আশঙ্কা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে সৌদি আরব ত্যাগ করা উচিত।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলজুড়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ কারণে নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করা হয়েছে।
দূতাবাসের তথ্যমতে, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম—এই তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে চালু রয়েছে এবং নিয়মিত ফ্লাইট চলাচল করছে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্ভাবনার কারণে সৌদি আকাশপথে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এজন্য ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব মার্কিন নাগরিক আপাতত দেশ ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় খাদ্য, পানীয় পানি, ওষুধ ও জরুরি সরঞ্জাম আগে থেকেই মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া দূতাবাস ও কনস্যুলেটের প্রকাশিত নতুন নির্দেশনা নিয়মিত খেয়াল রাখার কথাও বলা হয়েছে।

