পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় সীমান্তপারের হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং চার ভাই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও পাঁচ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে বাজাউর জেলার সালারজাই এলাকার তাবেস্তা লেতাই গ্রামে। সীমান্তপারের গোলাবর্ষণে একটি বাড়ি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এই হামলার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছেন। তিনি বলেন, আফগানিস্তানের দিক থেকে চালানো গোলাবর্ষণে বেসামরিক মানুষ সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
হামলায় নিহত চার ভাইয়ের নাম সাজিদ, আয়াজ, রিয়াজ এবং মুয়াজ। গুরুতর আহত পাঁচ বছর বয়সি শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘটনাকে মানবিক মূল্যবোধের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তার মতে, বেসামরিক মানুষকে লক্ষ্য করে সীমান্তপারের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আন্তর্জাতিক মানবিক নীতিমালারও পরিপন্থী।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সফল অভিযানের ফলে আফগান তালেবান বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে সীমান্তপারের এই হামলাকে অত্যন্ত নৃশংস ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি।
পাকিস্তান সরকার সতর্ক করে জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং পারস্পরিক অভিযোগের কারণে দুই দেশের সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সাম্প্রতিক এই হামলা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

