ইরান সরকার চলতি বছরের শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভ থেকে পুলিশ সদস্যদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিনজনকে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ফাঁসি দিয়েছে। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত বছর ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সারা দেশে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ৮ ও ৯ জানুয়ারি তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়, ‘দেই (জানুয়ারি) মাসের অস্থিরতায় হত্যাকাণ্ড এবং জায়নিস্ট শাসন ও যুক্তরাষ্ট্রের পক্ষে অপারেশন পরিচালনার অভিযোগে দোষী তিন ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।’ মিজান জানায়, তারা দুই আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য হত্যায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ‘মাহারেবেহ’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ মতো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ার পর, এই দণ্ড কার্যকর করা হয়।
ইরানি কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা ‘বিদেশি প্ররোচনায় দাঙ্গায়’ রূপ নেয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুর ঘটে। তেহরান স্বীকার করেছে, এ অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ পথচারীসহ ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তারা এই সহিংসতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলেছে, নিহতের সংখ্যা সাত হাজারের বেশি। তাদের মতে, নিহতদের অধিকাংশই বিক্ষোভকারী। তারা আশঙ্কা করছে যে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

