যুক্তরাষ্ট্র-এর টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা কেঁপে উঠেছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ভ্যালেরো এনার্জি কর্পোরেশন-এর শোধনাগারের একটি অংশে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের পরপরই শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, যা দ্রুতই পুরো এলাকা ঢেকে ফেলে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদে থাকার নির্দেশ দেয়।
ঘটনাস্থলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের পর পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের উপস্থিতির ইঙ্গিত দেয়। অন্য বাসিন্দারাও জানান, বিস্ফোরণের তীব্রতায় তাদের বাড়িঘর ও যানবাহন পর্যন্ত কেঁপে ওঠে।
জেফারসন কাউন্টি-এর শেরিফ জেনা স্টিফেনস জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার পর সারাদিনজুড়ে কর্তৃপক্ষ এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করেছে, যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শোধনাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখানে কর্মরত সকল কর্মীর অবস্থান যাচাই করা হয়েছে এবং সবাই নিরাপদে আছেন।
উল্লেখ্য, টেক্সাসের উপসাগরীয় উপকূলের কাছে অবস্থিত এই বিশাল শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। এখান থেকে প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেলের বেশি গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়। এই ঘটনার ফলে সাময়িকভাবে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।

