বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধা দিতে দু’টি বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে বাহরাইনে যাতায়াতের সুযোগও থাকবে এই ফ্লাইটগুলোতে।
মানামায় বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে এই বিশেষ রিটার্ন ফ্লাইট পরিচালিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিরা নির্দিষ্ট সময়ে সহজে যাতায়াত করতে পারবেন।
ঘোষণা অনুযায়ী, প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে। একই দিনে এটি আবার ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে ফিরবে। দ্বিতীয় ফ্লাইটটি ৩ এপ্রিল একই রুটে চলাচল করবে।
দূতাবাস জানিয়েছে, যারা এই বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে চান, তাদের একটি নির্দিষ্ট গুগল ফর্মে নিবন্ধন করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক যাত্রী নিশ্চিত হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। প্রবাসীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

