ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইসফাহান শহরের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহ শহরের বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইনের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। এরই মধ্যে ইরানের গ্যাস অবকাঠামোর ওপর হামলার খবর প্রকাশ্যে এসেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের হামলা ইরানের জ্বালানি নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। পাশাপাশি এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে অস্থিরতার নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

