ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান । বিষয়টি জানিয়েছে দি নিউইয়র্ক টাইমস ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। এসব আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরান ইস্যুতে দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে।
সৌদি যুবরাজ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা বদলে দেওয়ার এক ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করেছে। তার মতে, এই মুহূর্তে চাপ বজায় রাখা গেলে অঞ্চলটিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
যুবরাজের যুক্তি হলো, ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের জন্য একটি বড় হুমকি হিসেবে রয়েছে। এই হুমকি দূর করতে হলে শুধু সামরিক চাপই নয়, বরং ইরানের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।
তবে এই বিষয়ে সৌদি সরকারের ভেতর থেকে ভিন্ন সুরও শোনা যাচ্ছে। দেশটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, এই ধরনের কোনো চাপ বা কৌশলগত অবস্থান নেওয়ার বিষয়টি সঠিক নয়।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে কূটনৈতিক তৎপরতা যেমন বাড়ছে, তেমনি আড়ালে চলছে প্রভাব বিস্তারের জটিল হিসাব-নিকাশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা এখনো অনিশ্চিত।

