ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই তা যুক্তরাষ্ট্রের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে—এমন মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে, এখনই এই যুদ্ধ শেষ করা সবচেয়ে কার্যকর এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই দ্রুত সংঘাতের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। তিনি একদিকে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা থেকে বিরত থাকার প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে প্রয়োজন হলে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুমকিও দিচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে কঠোরতার বদলে কূটনৈতিক পথেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হলে তার প্রভাব শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এতে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হতে পারে, পাশাপাশি ইরানের অর্থনীতি দীর্ঘমেয়াদে বিপর্যস্ত হয়ে পড়বে। এর ফলে বিপুলসংখ্যক মানুষ দেশ ছাড়তে বাধ্য হতে পারে, যারা পরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাইবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই শরণার্থীরা আগের মতো নিজেদের সরকারের ওপর ক্ষুব্ধ না হয়ে বরং যুক্তরাষ্ট্রের প্রতিই ক্ষোভ পোষণ করতে পারে। দীর্ঘমেয়াদে এটি আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের জন্য নতুন সমস্যার জন্ম দেবে।
এই প্রেক্ষাপটে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো সমাধান। তবে যদি তা সম্ভব না হয়, তবুও যুক্তরাষ্ট্রের একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে অঞ্চল থেকে সরে আসা উচিত বলে মত দেওয়া হচ্ছে। এতে ইরান অর্থনৈতিক স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে আগ্রহী হবে, যা বিশ্ববাজারে তেলের দাম কমাতে সহায়তা করবে।
যদি ইরান এরপরও বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা থাকবে না; বরং বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হবে। তখন আন্তর্জাতিক চাপের মুখে ইরান দ্রুত পিছু হটতে বাধ্য হতে পারে।
অনেকে মনে করছেন, এই যুদ্ধের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন আনা সম্ভব নয়। ইতিহাস বলছে, শুধু বোমা হামলা চালিয়ে কোনো সরকারকে সহজে পতন ঘটানো যায় না। তবে বর্তমান সামরিক চাপ ইরানের ক্ষমতার কাঠামোকে দুর্বল করতে পারে—এটাও সত্য।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখছে। সাধারণ মানুষ এই যুদ্ধ চায় না, বিশেষ করে যখন এর কারণে জ্বালানির দাম বাড়ছে। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।
যুদ্ধের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়, সেটিও জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকে—চাকরি, প্রযুক্তির পরিবর্তন, জীবনযাত্রার খরচ—সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এর সঙ্গে যুদ্ধের আশঙ্কা যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে তা ক্ষমতাসীনদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইতিহাস বলছে, যুদ্ধের সাফল্যের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাই ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে বিশ্লেষকদের অভিমত, এই যুদ্ধ যত দ্রুত শেষ করা যায়, ততই যুক্তরাষ্ট্র ও বিশ্ব—উভয়ের জন্য ভালো। কারণ দীর্ঘমেয়াদি সংঘাত কেবল ক্ষতি বাড়ায়, সমাধান নয়।

