ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি টিপার লরির মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে প্রকাশম জেলার মারকাপুরাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।
প্রথমে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ২০ জন আহত যাত্রীকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’ নামের বেসরকারি বাসটি তেলেঙ্গানার নির্মল শহর থেকে অন্ধ্রপ্রদেশের নেলোরের দিকে যাচ্ছিল। ভোর প্রায় ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই বাসে আগুন ধরে যায়, যা দ্রুত ভয়াবহ রূপ নেয়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি এটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশও ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, এতগুলো প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। তিনি আশ্বস্ত করেছেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে সড়ক স্বাভাবিক করার কাজ করছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

