যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও বড় ধরনের গণবিক্ষোভ হয়েছে। ‘নো কিংস’ নামে আয়োজিত এই কর্মসূচিতে দেশজুড়ে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, ৫০টি অঙ্গরাজ্যেই মানুষ রাস্তায় নেমে ট্রাম্প প্রশাসনের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ‘নো কিংস’ শিরোনামের এই আন্দোলনের মূল বক্তব্য হলো—যুক্তরাষ্ট্রে কোনো একক ব্যক্তির কর্তৃত্ব চলবে না। আন্দোলনকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প বিচার বিভাগ ও প্রশাসনের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
এর আগে গত বছরের অক্টোবরে একই ব্যানারে আরেকটি বড় বিক্ষোভ হয়েছিল। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় প্রায় ১০ লাখ বেশি বলে আয়োজকদের দাবি।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্পবিরোধী এই আন্দোলন জোরদার হয়। বিভিন্ন নীতি—বিশেষ করে অভিবাসীদের আটক ও নিজ দেশে ফেরত পাঠানো, গর্ভপাত সংক্রান্ত কঠোর অবস্থান এবং পরিবেশনীতি—নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এসব ইস্যুতে জনমতের চাপ ক্রমেই বাড়ছে এবং তা রাস্তায় বিক্ষোভের মাধ্যমে দৃশ্যমান হচ্ছে।

