সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন ব্যবস্থা সংরক্ষিত একটি বড় গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার (২৮ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়, গার্ড বাহিনীর আকাশ ও নৌ ইউনিট যৌথভাবে একটি ‘মিশ্র অভিযান’ চালিয়ে এই গুদামকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের দাবি, সেখানে রাখা উন্নত সরঞ্জামগুলো যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।
মুখপাত্র আরও বলেন, হামলার সময় ওই স্থানে অন্তত ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। হামলার পর তাদের সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা নিহত হয়েছেন।
এছাড়া দুবাইয়ে অবস্থানরত মার্কিন সেনা ও কমান্ডারদের গোপন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
দুবাইয়ের মতো একটি আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিরপেক্ষ দেশগুলোর ভেতরে এ ধরনের ঘটনা বৈশ্বিক রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই এই সংঘাতের সূচনা হয়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।
এর জবাবে ইরানও পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

