মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। এর ফলে জাহাজগুলো নিরাপদে গন্তব্যে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। তিনি বলেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে এবং আটকে থাকা জাহাজগুলো ফেরাতে দুই দেশের মধ্যে সমন্বয় চলছে।
রাষ্ট্রদূত আরও জানান, জাহাজে থাকা বাংলাদেশি নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান সংঘাত নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে কিছু মতপার্থক্যের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ হওয়ায় সংকটের সময় পারস্পরিক সহযোগিতা প্রত্যাশিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে।

